জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘নির্বাচনি ইঞ্জিনিয়ারিং’ শুরু করেছেন। তার দাবি, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিদের বসানোর চেষ্টা হচ্ছে, যা ভবিষ্যৎ নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
রোববার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকায় এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির পথসভায় এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা বুঝে গিয়েছি, তারেক রহমানকে দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়। আমি আপনাদের লিখে দিয়ে গেলাম, আজকের এই কথা ছয় মাস পরে আপনারা আমাদের মনে করবেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিদের বসানো হলে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হবে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতৃত্বে ‘খারাপ লোকেরা’ জায়গা করে নিয়েছে এবং তাদের উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় মানুষের উন্নয়নের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, তারেক রহমান তার পরিবারের ভাগ্য পরিবর্তন করবেন। কিন্তু ভালুকার একটি সন্তানের ভাগ্য পরিবর্তন করবেন না। আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে। তিনি স্থানীয় বাসিন্দাদের মাদক, জুয়া, চোরাচালান ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে, আওয়ামী লীগের বিচার না হলে এবং জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হলে এনসিপি যে কোনো সরকারের বিরুদ্ধেই আন্দোলন থেকে বিরত থাকবে না।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ভালুকার বর্তমান সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা, চাঁদাবাজি, প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা-মামলা এবং ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ তোলেন।