ঢাকা-১৫ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। জনগণের স্বার্থে রাজনৈতিক বিভেদ ভুলে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নাগরিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা-১৫ তাঁর দায়িত্বের এলাকা এবং এটি বিরোধীদলীয় নেতারও নির্বাচনী এলাকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি দল ও বিরোধী দল জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করবে এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ডিএনসিসি জনগণের সেবায় নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে নিয়মিত বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও সংস্কার, ড্রেন ও সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।