
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের স্বপ্নের নেতা তারেক রহমান যেমন বাংলাদেশ দেখতে চান, তেমন বাংলাদেশই আমরা গড়ে তুলব।” তিনি বলেন, মাদক, জুয়া ও যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।
শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত গণজাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাটে শুরু হওয়া সামাজিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসনে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এ সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ‘আলোকিত লালমনিরহাট’-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেড জাহিদ হাসান, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Leave a Reply